স্বস্তির জায়গা অবশ্যই, তবে এখনো সিরিজ শেষ হয়নি: শান্ত

অনলাইন ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অনেকটা এগিয়ে থেকেও অবিশ্বাস্য ব্যাটিং ধসে হারতে হয় বাংলাদেশকে। তবে এবারে আর ভুল হয়নি। সিরিজের দ্বিতীয় ম্যাচটায় শেষ হাসি হেসেছে শান্তবাহিনী।

ব্যাট হাতে নাজমুল শান্ত, জাকের আলী অনিকের পর বল হাতে দারুণ পারফর্ম করে ৬৮ রানের জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাতে শারজাহ স্টেডিয়ামে প্রথম জয়ের পাশাপাশি তিন ম্যাচের সিরিজেও সমতায় ফিরেছে দল। দুই ম্যাচ শেষে আছে ১-১ সমতা।

দুর্দুন্ত এমন জয়ের পর জয়ের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘বেশ কিছু জায়গায় চিন্তা করতে হবে। আজকে যেভাবে সবাই কাজে লাগিয়েছে প্ল্যান, তবে আমি মনে করি আমরা এর থেকেও ভালো দল। স্বস্তির জায়গা অবশ্যই, তবে এখনো ্সিরিজ শেষ হয়নি। পরের ম্যাচে আবার কীভাবে প্ল্যান করে আসতে পারি এটা জরুরি ব্যাপার।’
টানা হারের বৃত্ত ভাঙলো এই জয়ের মধ্যে দিয়ে। কঠিন সময়ে এমন জয়ে খুশি শান্ত, ‘আমার মনে হয় খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। ক্রিকেট খেলাটা মোমেন্টামের ব্যাপার। মোমেন্টামের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা বলব না, কষ্ট করছিলাম আসলে যেন আমরা মোমেন্টামটা পাই। আলহামদুলিল্লাহ আগের দিন আমরা যেরকম প্ল্যানটা করেছি সবাই সেটা মাঠে কাজে লাগিয়েছে। ১০০% দেওয়ার চেষ্টা করেছে। এখানে আরও উন্নতির জায়গা আছে। যে প্ল্যান ছিল তার খুব কাছাকাছি সফল হতে পেরেছি।’

ভারতের মাঠে টি-টোয়েন্টি এবং টেস্ট হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে সিরিজ হার। সময় পক্ষে ছিল না টাইগারদের। খারাপ সময় নিয়ে শান্ত বলেন, ‘কঠিন ছিল আসলে গত কয়েক ম্যাচে আমরা যেভাবে খেলছিলাম সব মিলে খুব একটা ভালো অবস্থানে ছিলাম না। যেভাবে আজকে সবাই কামব্যাক করেছে। বিশ্বাস রেখেছে যে আমরা ভালো করতে পারি। সবাই সবার প্রসেস ঠিক রেখেছে।’

তিনি আরও বলেন, ‘কঠিন ছিল তবে সবার বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা ভালো ভাবে শেষ করতে পারি। সবচেয়ে ভালো লেগেছে আগের দিন যে প্ল্যানটা করেছি সবাই সেখানে ছিল। খুবই খুশি যে সবাই প্রসেসটা ফলো করেছে।’

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights