সোনাইমুড়ীতে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে সংঘর্ষে গুলি করে ছাত্র হত্যার মামলায় সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান ওরফে ভিপি বাহারকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দুপুরে সোনাইমুড়ি বাজারে একটি ব্যাংক থেকে গ্রেফতারের পর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মাহফুজুর রহমান প্রকাশ ভিপি বাহার নোয়াখালী জেলা পরিষদের সদ্য অপসারিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন তিনি। সোনাইমুড়ী উপজেলার ভানুয়াই গ্রামের শুয়া মিয়ার ছেলে।
সোনাইমুড়ী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার মাহফুজুর রহমান ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আসিফ হত্যা মামলার আসামি। অন্য কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা জজ আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম বলেন, আসিফ হত্যা মামলা আসামি মাহফুজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সোনাইমুড়ীতে সংঘর্ষে গুলিবিদ্ধ হন বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুরের মীর আলীপুর গ্রামের আমির আলী মুন্সি বাড়ির মোরশেদ আলমের ছেলে মো. আসিফ (২২)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গত ১৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ১৯ আগস্ট নিহতের বাবা মোরশেদ আলম বাদী হয়ে নোয়াখালী আদালতে ৩৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights