মাহমুদউল্লাহ’র দুর্দান্ত ইনিংসের পর যা বললেন তার স্ত্রী
অনলাইন ডেস্ক
সম্প্রতি কয়েকটি ওয়ানডে ম্যাচে রান না পাওয়ায় সমালোচিত হচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর মধ্যে সর্বশেষ চার ওয়ানডেতে তার রান ০, ১, ২ ও ৩। পঞ্চম ম্যাচে ব্যর্থ হলে হয়তো একাদশে জায়গা হারাতে হতো তাকে। কিন্তু খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ালেন এই অভিজ্ঞ ব্যাটার।
শারজাহতে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ভেলকি দেখালেন। দলের বিপদে হাল ধরার পর খেলেছেন ৯৮ রানের দুর্দান্ত ইনিংস। পায়ে আঘাত নিয়েও অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার ব্যাট করেছেন। ক্রিজে টিকে ছিলেন ইনিংসের শেষ বল পর্যন্ত।
বাংলাদেশের ২৪৪ রান সংগ্রহে বড় অবদান মাহমুদউল্লাহ’র। ৭২ রানে ৪ উইকেট পড়ার পর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে তিনি ১৪৫ রানের জুটি গড়েন। নির্ধারিত ওভার শেষ হওয়ায় রিয়াদকে ফিরতে হয়েছে দুই রানের আক্ষেপ নিয়ে। তবে পায়ে আঘাত নিয়ে তার ৯৮ রানের ইনিংস দেখে তৃপ্ত স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে রিয়াদের স্ত্রী শুকরিয়া জানিয়ে লিখেছেন, ‘সেঞ্চুরির জন্য হতাশ হয়ো না। আজ তুমি অনেক ক্র্যাম্প নিয়ে খেলেছ, যা অবিশ্বাস্য। তুমি আবারও নিজের জাত চিনিয়ে অসাধারণ পারফরম্যান্স করেছ, আলহামদুলিল্লাহ।’
মাহমুদউল্লাহ পায়ে ক্র্যাম্প নিয়ে ম্যাচের মাঝে চিকিৎসাও নিয়েছিলেন। ডেকে নিয়েছিলেন বাংলাদেশের ফিজিওকে। এরপরও তাকে খোড়াতে দেখা গিয়েছিল।
