ময়মনসিংহে হত্যা মামলায় মা ও তিন ছেলের যাবজ্জীবন
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে তারাকান্দায় ২০০৬ সালে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ দায়রা জজ আদালত। একইসঙ্গে প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ আদেশ দেন। এ ছাড়া চারজনের এক বছরের সশ্রম কারাদণ্ড ও করিম উদ্দিন নামে একজনকে খালাস প্রদান করা হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-তারাকান্দার মাসকান্দা গ্রামের করিম উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন ও তিন ছেলে মো. কুতুব উদ্দিন, ছইব উদ্দিন ও শাহাব উদ্দিন। হাজেরা খাতুন, কুতুব উদ্দিন ও ছইব উদ্দিন পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৪ নভেম্বর রাতে তারাকান্দার মাসকান্দা গ্রামের মৃত হাসেন আলীর ছেলে হাবিবুর রহমান প্রকৃতির ডাকে বাড়ি থেকে বের হলে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করে। ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। পরদিন মৃত হাবিবুরের মা তারাবানু বাদী হয়ে তারাকান্দা থানায় অভিযুক্ত ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক শেষে আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ আদেশ দেন।
