ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ মামলায় আসামী সুমন মিয়া (৩৫)কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রেজাউল করিম এ রায় প্রদান করেন।
বাদীপক্ষের আইনজীবি জানান, ২০২১ সালের ১৮জুলাই কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিসপুর গ্রামে শিশুটিকে তার দাদীর জন্য মসুর ডাল দেবার কথা বলে আসামী সুমন মিয়া তাকে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে নিয়ে যায় এবং পরে তাকে ধর্ষন করে। এ ঘটনায় শিশুটির মা আকলিমা আক্তার বাদী হয়ে ২০২১ সালের ১৯জুলাই একটি মামলা করেন। শুনাণী শেষে বিজ্ঞ আদালত আসামী সুমন মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই ধরণের ঘৃণ্য কাজের এমন দৃষ্টান্তমূলক রায় হয়ে সমাজে অপরাধের প্রবণতা কমে আসবে। আসামী পক্ষের আইনজীবী হারুনুর রশীদ খান রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, যে রায় দেয়া হয়েছে তাতে তারা সন্তুষ্ট নন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
