ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণ, হরতাল প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-নারায়ণগঞ্জ রোডে চলাচলকারী বাসের ভাড়া ৫৫ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিআরটিএ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মাহমুদুল হক এ ঘোষণা দেন।
অন্যদিকে, এক সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী।
এর আগে গত ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাস ভাড়া কমানোর দাবিতে টানা ৯ দিনের কর্মসূচির ঘোষণা করেছিল যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। বাস ভাড়া কমানোর দাবিতে সংগঠনটি ২৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত লিফলেট বিতরণ, সমাবেশ ও মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করে। দাবি মানা না হলে সবশেষ ১৭ নভেম্বর অর্ধদিবস হরতালেরও ঘোষণা দেওয়া হয়েছিল।
এরই মধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ভাড়া কমানোর ঘোষণা দিয়ে হরতাল প্রত্যাহারের অনুরোধ করেন। সে অনুরোধের প্রেক্ষিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম হরতাল প্রত্যাহার করে নিয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের দাবি ছিল এ রুটের ভাড়া ৪৫ টাকা করার। ২০২২ সালে বিআরটিএ সরকারি ঘোষণা অনুযায়ী এ রুটের ভাড়া নির্ধারণ করেছিল ৫৪ টাকা। এতদিন নেওয়া হতো ৫৫ টাকা। চলতি বছরের এপ্রিলে আবারো বাস ভাড়া পুনঃনির্ধারণ করা হয়। তখন বাস ভাড়া দাঁড়ায় ৫৩ টাকা। তবে সম্প্রতি ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা ৭৫ পয়সা কমানো হয়। তখন এ রুটের ভাড়া কমানোর জোর দাবি উঠে।
তিনি আরও বলেন, ফ্লাইওভার দিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসা-যাওয়ার গড় দূরত্ব দাঁড়ায় ১৯ দশমিক ৫ কিলোমিটার। সে অনুযায়ী ভাড়া দাঁড়ায় ৪৫ টাকা। আর যাত্রী প্রতি ফ্লাইওভারের টোল নেওয়া হয় ৫টাকা। সব মিলিয়ে ভাড়া ৫০ টাকা নির্ধারণ করেন তিনি।
এ বিষয়ে জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন সরদার বলেন, শুধু ডিজেল দিয়েই বাস চলাচল করে না। এজন্য যন্ত্রাংশ, মবিল, টায়ারসহ অন্যান্য আরও
অনেক বিষয় জড়িত। সবকিছুর দাম বেড়েছে। শুধু ডিজেলের দাম কমার অজুহাত দিয়ে ভাড়া কমানোর দাবি অযৌক্তিক।
তিনি বলেন, ফ্লাইওভার দিয়ে একটি সিটি সার্ভিসের টোল ২৬০ টাকা। আবার দূরপাল্লার একটি বাসের টোলও ২৬০টাকা। এখানেই বৈষম্য। ঢাকা- নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী একটি বাসের আয় আর দূর পাল্লার বাসের আয় এক নয়। তাই তিনি ফ্লাইওভারে সিটি সার্ভিসের বাসের টোল পুনঃনির্ধারণেরও দাবি জানান।
প্রসঙ্গত, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৬৫ টাকা নির্ধারণের দাবি ছিল সংগঠনটির। একইসঙ্গে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করারও দাবি জানিয়ে আসছিল সংগঠনটির নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights