নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে জ্বলন্ত ফ্লেয়ার নিক্ষেপ, গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি জ্বলন্ত ফ্লেয়ার নিক্ষেপ করা হয়েছে।

দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ি লক্ষ্য করে স্থানীয় সময় শনিবার এগুলো নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় শনিবার রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
জানা গেছে, নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে জ্বলন্ত ফ্লেয়ার নিক্ষেপের ঘটনার তদন্ত করছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী শিন বেত ও সেনাবাহিনীর লাহাভ ৪৩৩ মেজর ক্রাইম ইউনিট।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করা জ্বলন্ত ফ্লেয়ারগুলো সংলগ্ন বাগানে গিয়ে পড়েছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় বাড়িতে নেতানিয়াহুর পরিবারের কেউ ওই বাড়িতে অবস্থান করছিলেন না।

এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

রবিবার ভোরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই ঘটনা ‘সমস্ত রেড লাইন’ অতিক্রম করেছে। তিনি নিরাপত্তা ও বিচার বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক্সে দেওয়া এক পোস্টে এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, তদন্ত চলছে।

অন্যদিকে, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানি সব সীমানা অতিক্রম করেছে। তার বাড়িতে জ্বলন্ত ফ্লেয়ার নিক্ষেপ আরেকটি রেড লাইন অতিক্রম করেছে।

এর আগে গত অক্টোবর মাসে উত্তর ইসরায়েলের সিজারিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। তবে সেসময়ও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights