মামার কোদালের আঘাতে ভাগিনার মৃত্যু, গ্রেফতার ২

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমির আইল কাটাকে কেন্দ্র করে মামার কোদালের কোপে ভাগিনা হাফিজার রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফিজার রহমান মারা যান ৷

এর আগে গতকাল রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৩ টার দিকে ওই উপজেলার ফকিপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজার রহমান ওই গ্রামে মৃত আফতাব হোসেনের ছেলে৷ তিনি ফকিরপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য।
ঘটনার সাথে জড়িত ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রশিদুল ইসলাম (৪০) এবং একই এলাকার দুলাল হোসেনের ছেলে সৌখিন হোসেন (২৫) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের সহিদুলের সাথে তার আপন ভাবী মনোয়ারা সাথে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার দুপুরে সহিদুল, দুলাল এবং তার ভাইয়েরা জমির আইল কাটতে গেলে ভাবী মনোয়ারা বেগম বাধা দেয়। এরপর তাকে মারধর শুরু করে। খবর শুনে মনোয়ারা বেগমের আপন ভাগিনা হাফিজুর রহমান সেখানে গেলে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে মামা সহিদুলের কোদালের কোপে ভাগিনা হাফিজুরসহ উভয় পক্ষে ছয় জন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভাগিনা হাফিজার রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, জমি সংক্রান্ত জেরে হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights