নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৭ দিনের আল্টিমেটাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সিভিল সার্জনের উদাসীনতা দাবি করে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগর গণসংহতি আন্দোলনের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে আগামী ৭ দিনের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি না হলে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস ঘেরাও করার আল্টিমেটাম দেয়া হয়েছে।
বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা গণসংহির সমন্বয়ক তরিকুল সুজন বলেন, নারায়ণগঞ্জের প্রতিটি এলাকায় এলাকায় বাড়িতে বাড়িতে ডেঙ্গু রোগী আছেন। যারা তীব্র ভাবে আক্রান্ত তারা ঢাকায় চলে যাচ্ছে। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গেছেন এমন অন্তত দুজন মারা গেছেন। নারায়ণগঞ্জের সিভিল সার্জন দেখাতে চান এখানে কেউ ডেঙ্গুতে মারা যাননি। কিন্তু আপনাদের বলতে চাই, এই যে তারা ঢাকায় গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যাচ্ছে তার দায়ও আপনাদের উপরও বর্তায়।
সিটি করপোরেশনের উদ্দেশ্যে তিনি বলেন, ডেঙ্গুর জন্য শুধু হটস্পর্ট নির্ধারণ করলে হবে না। ডেঙ্গুর রোধে যথাযথ দায়িত্ব নিতে হবে। যা আপনারা পালন করেননি। ২৭টি ওয়ার্ডে আমরা ওষুধ ছিটাতে দেখিনি। মানুষের বাড়ি বাড়ি গিয়ে সচেতনা কিংবা কোথায় পানি জমে আছে তা তদারকিও করছেন না। সেই কারণেই নারায়ণগঞ্জবাসী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।
আল্টিমেটাম দিয়ে তরিকুল সুজন বলেন, আমরা সিভিল সার্জন এবং জেলা প্রশাসককে আল্টিমেটাম দিতে চাই। যদি আগামী ৭ দিনের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আমরা সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস ঘেরাও করবো।
