দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে গত দু’ দিন অভিযান চালিয়ে দেড় কোটিরও বেশি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার (২৩ নভেম্বর) বিজিবি ৪৮ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শুক্র ও শনিবার সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের শ্রীপুর, তামাবিল, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, পান্তুমাই, উৎমা, মিনাটিলা, কালাইরাগ, কালাসাদেক ও বাংলাবাজার বিওপি’র জোয়ানরা গত দুদিন সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় ক্রিম, ফেসওয়াশ, বডি লোশন, ওষুধ, কম্বল, চিনি, চকলেট, সাবান, গরু, ফেন্সিডিল, বাংলাদেশি রসুন ও শিং মাছ জব্দ করেছে। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত নৌকাও জব্দ করেছে বিজিবি। জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৫ লাখ ৯ হাজার ৫০০ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
