হত্যা মামলায় জামিন আবেদন নাকচ, শাজাহান খান ও গোলাপ কারাগারে
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার সকালে মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজিদ উল হাসান চৌধুরীর আদালতে দুই আসামির জামিনের আবেদন করা হয়। পরে আদালত জামিন না মঞ্জুর করেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ব্যাপক পুলিশি নিরাপত্তায় মাদারীপুর কারাগার থেকে সাবেক দুই সংসদ সদস্যকে আদালতে তোলা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতাকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে নেওয়া হয় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা। শাজাহান খান ও আবদুস সোবাহন গোলাপ একাধিক হত্যা মামলায় দীর্ঘদিন থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে নিহত দীপ্ত ও তাওহীদ সন্নামাত হত্যা মামলা আসামি এই সাবেক দুই এমপি। নিহতের ঘটনায় মাদারীপুরে দুটি মামলা হয়। সেই মামলায় এজাহারভুক্ত আসামি শাজাহান খান ও গোলাপ। গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মাদারীপুর কারাগারে হস্তান্তর করা হয় তাদের।
কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহীদ সন্নামাত ও দিপ্ত দে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপকে।
