সমুদ্রে গোসলে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে ও ২ শিশু এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ডের ডুবুরী টিমের পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

মৃত শিশু হলো, টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে নুর কামাল ( ১২) এবং নিখোঁজ শিশুরা একই গ্রামের কোরবান আলীর ছেলে ইমরান হোসেন (১২) ও মো. নজিরের ছেলে নজরুল হক (১২)। তারা সবাই টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়া আসরাফিয়া দারুণ নাজাত মাদ্রারাসার ছাত্র।

আজ রবিবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়া নৌ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ শিশু ইমরান হোসেনের পিতা কোরবান আলী।

কোরবান আলী বলেন, রবিবার দুপুরে আমার ছেলেসহ আরও দুই শিশু ও মাদ্রাসার শিক্ষকসহ টেকনাফ সমুদ্র সৈকত মহেশখালী পাড়া নৌঘাটে গোসল করতে গেলে তারা ৩ জনই সাগরের ঢেউের সঙ্গে পানির নিচে তলিয়ে পড়ে। পরে খোঁজাখুঁজি করে নুর কামালকে উদ্ধার করা গেলেও বাকি দুইজন ইমরান হোসেন ও নজরুল ইসলামকে এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধারের পরে নুর কামালকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, রবিবার দুপুরে টেকনাফ মহেশখালী পাড়া নৌ ঘাট সাগরে ৩ শিশু একসঙ্গে সাগরে গোসল করতে নামে। এদের মধ্যে নুর কামাল নামে এক শিশু মারা যায়, বাকি দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ মুহূর্তে কোস্টগার্ডের ডুবুরী দল সাগরে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ৩ শিশু নিখোঁজ হয়। পরে এক শিশুকে উদ্ধার করা গেলেও বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কোস্ট গার্ডের ডুবুরি টিমের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। উদ্ধার শিশুটি মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights