ময়মনসিংহে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বিআরটিসি বাসের সঙ্গে সাধারণ বাস শ্রমিকদের মারপিটের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পাটগুদাম ব্রিজ মোড় থেকে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর সড়কের যান চলাচল।
ফলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়। পরে রাত সোয়া ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।
ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন জানান, বিআরটিসি বাসের শ্রমিকরা নেত্রকোনাগামী একটি মহুয়া বাসের হেলপারদের মারধর করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হলে বিআরটিসির লোকজন পাটগুদাম মোড়ে এসে মহুয়া কাউন্টারে ভাঙচুর করে। এতে দুইজন শ্রমিক আহত হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় বাস শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা শ্রমিকদের বুঝানোর চেষ্টা করছি। কিন্তু তারা মানছে না। তারা হামলার ঘটনায় জড়িতদের বিচারসহ বিআরটিসি বাস বন্ধের প্রতিশ্রুতি চায় বলে জানান তিনি।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, দুই পক্ষের মারপিটের ঘটনায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বিষয়টি সামাধানের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে।
এদিকে, ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলে। পরে সেনাবাহিনীর আশ্বাসে রাত সোয়া ১০টার দিকে শ্রমিকরা অবরোধ থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
