বিশেষ মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে: নূর
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
স্বৈরাচার ফ্যাসিবাদী আন্দোলনে শাহজাহান খান লড়াকু সৈনিক ছিলেন মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি আরো বলেন, গলাচিপা দশমিনার সকল হিন্দু-মুসলিমদের মেলবন্ধন করে সম্প্রীতির রাজনীতি করেছেন শাহজাহান খান। আমি অনুরোধ করবো তার পরিবারের যারা আছেন গলাচিপা-দশমিনার সকল মানুষের সাথে সম্পর্ক রেখে অসাম্প্রদায়ীক রাজনীতির ধারা অব্যাহত রাখবেন। কিন্তু সম্প্রতি বাংলাদেশে একটি বিশেষ মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে সেটা হতে দেব না।
পটুয়াখালীর গলাচিপায় পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৪টায় পৌরমঞ্চে অনুষ্ঠিত স্মরণসভায় সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নূর।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মরহুম সংসদ সদস্য শাহজাহান খানের স্ত্রী আনোয়ারা শাহজাহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোহরাব মিয়া, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মরহুম শাহজাহান খানের ছেলে মো. শিপলু খান, পৌর বিএনপির সহসভাপতি মো. মনিরুজ্জামান নেছার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশীষ কুমার সাহা ও সাহাবুদ্দিন সিকদার, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সোবাহান মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ২০২২ সালে বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৮ নভেম্বর শাহজাহান খান মৃত্যুবরণ করেন।
