এক মাসে ৪০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ১৯ লাখ টাকা

অনলাইন ডেস্ক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানিয়েছেন, এক মাসে (৩ নভেম্বর থেকে ২৮ নভেম্বর) সারা দেশে ১৬৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ৩৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ১৯ লাখ ২৯ হাজার ৯০০ টাকা। একইসঙ্গে পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে ৪০ হাজার ৬০৮ কেজি।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর নিউমার্কেটের বনলতা কাঁচাবাজারে মনিটরিং শেষে তিনি এসব তথ্য জানান। নিউমার্কেট মনিটরিংয়ের বিষয়ে তপন কুমার বিশ্বাস বলেন, নিউমার্কেট একটি গুরুত্বপূর্ণ বাজার। এখানেও কিন্তু পলিথিন শপিং ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে। কিছু আছে, সেটা পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে। পলিথিন ব্যাগের বিকল্প নিয়ে সার্বিকভাবে কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও এবং বিভিন্ন এনজিও এগিয়ে এসেছে। সার্বিকভাবে পরিবেশের জন্য ভীষণভাবে ক্ষতিকর পলিথিন ব্যবহার বন্ধে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সাফল্যের দিকে যাচ্ছি।

এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাজিনারা বেগম, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত উপসচিব সিদ্ধার্থ শংকর কুন্ডু, সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান এবং বনলতা মার্কেট কাঁচাবাজারের সাধারণ সম্পাদক মো. শফিউল্লাহসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights