জগন্নাথে ইরানি চলচ্চিত্র উৎসব শুরু মঙ্গলবার

অনলাইন ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু হতে চলেছে ইরানি চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনের উৎসব বসবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে।

বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ ও ফিল্ম ক্লাব বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্বোধনী দিনে দেখান হবে ইব্রাহিম হাতামি কিয়া পরিচালিত ‘বডিগার্ড’ সিনেমাটি।

এছাড়া উৎসবের অন্যান্য দিনে দেখান হবে ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি পরিচালিত ‘দি চিলড্রেন অব হ্যাভেন’, ‘দি সংস অব স্প্যারো’, ‘দি কালার অব প্যারাডাইস’।

আব্বাস কিয়ারোস্তামি পরিচালিত ‘টেস্ট অব চেরি’ এবং সাইফুল্লাহ দাদ পরিচালিত চলচ্চিত্র ‘দি সারভাইভার’ সিনেমাও প্রদর্শিত হবে এই উৎসবে।

ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ ও ফিল্ম ক্লাব।

মঙ্গলবার সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম।
বিশেষ অতিথি থাকবেন ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশি এবং ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মির মুহাম্মদী।

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান শাহ মোহাম্মদ নিস্তার খান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমিন এবং চলচ্চিত্রবিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ ঋতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights