চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে শাহরাস্তিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭শ ৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এসব ব্যবসায়ীদের ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী। বিকেলে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার ও ঠাকুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

এসময় অবৈধ পলিথিন বিক্রির দায়ে ৪ দোকানের মালিককে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া “শব্দদূষণ নিয়ন্ত্রণ সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প” এর আওতায় শব্দ দূষণ বিধিমালা লংঘনের দায়ে ওয়ারুক বাজার এলাকায় মাত্রাতিরিক্ত শব্দ দূষণের দায়ে যানবাহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং একটি যাত্রীবাহী বাসে ২শ টাকা জরিমানা আদায় ও দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

ভ্রাম্যমাণ আদালতে আইন শৃংখলা রক্ষায় শাহারাস্তি থানার চৌকস পুলিশ সদস্য সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তরের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অভিযানকালে ব্যবসায়ীদের জরিমানার পাশাপাশি পরবর্তী সময়ের জন্য সতর্ক করে দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights