সেরার লড়াইয়ে দেড় বছর পর দলে ফেরা শারমিন

অনলাইন ডেস্ক
প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজে আলো ঝলমলে পারফরম্যান্স উপহার দেওয়া শারমিন আক্তারের সামনে দারুণ অর্জনের হাতছানি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এই ব্যাটার।

নভেম্বরের সেরার লড়াইয়ে তার সঙ্গে আছেন ইংল্যান্ডের ব্যাটার ড্যানি ওয়াট-হজ ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ন্যাডাইন ডি ক্লার্ক। গত মাসের পারফরম্যান্সের ভিত্তিতে সেরার লড়াইয়ে জায়গা পাওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম বৃহস্পতিবার প্রকাশ করে আইসিসি। ছেলেদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ, পাকিস্তানের পেসার হারিস রউফ ও দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসেন।

প্রথমবারের মতো মাস-সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া শারমিন মিরপুরে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে ব্যাট হাতে রাখেন সবচেয়ে বড় অবদান। প্রথম ম্যাচে ৮৯ বলে ৯৬ রানের ক্যারিয়ার-সেরা ইনিংস খেলে ম্যাচের সেরা হন তিনি। বাংলাদেশ ম্যাচ জেতে রেকর্ড ১৫৪ রানে। পরের ম্যাচে শারমিনের ব্যাট থেকে আসে ৬৩ বলে ৪৩ রানের ইনিংস। শেষ ম্যাচে ৮৮ বলে ৭২ রানের আরেকটি দারুণ ইনিংস খেলে সিরিজ-সেরার পুরস্কার জেতেন ২৮ বছর বয়সী ব্যাটার। এই ম্যাচটি হয় অবশ্য ডিসেম্বর মাসে।

বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস-সেরা হওয়ার হাতছানি শারমিনের সামনে। গত বছরের নভেম্বরে এই স্বীকৃতি পেয়েছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights