ওসমানী বিমানবন্দরে ফের স্বর্ণ জব্দ

অনলাইন ডেস্ক

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দু’দিনের ব্যবধানে ফের বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দারা।

কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ার ফ্রেডের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) সিটের নিচে পলিথিনে রাখা স্বর্ণের চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। এর মধ্যে ১৮ পিস চুড়ি ও তিন পিস চেইন। যার মোট ওজন এক কেজি ১৬৬ গ্রাম। এর বাজারমূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা হবে।’

বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, ‘চোরাচালানে জড়িত যাত্রী কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রেখে দেওয়ায় কাউকে শনাক্ত করা যায়নি।’

উল্লেখ্য, এর আগে গত বুধবার দুবাই থেকে ছেড়ে আসা বিজি-২৪৮ বিমানের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। সেদিন জব্দ করা ১১টি স্বর্ণের বারের ওজন এক কেজি ২৮৩ গ্রাম। যার বাজারমূল্য এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights