নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজ জিতল ইংল্যান্ড

ওয়েলিংটন টেস্ট ছিল নিউজিল্যান্ডের সমতায় ফেরার লড়াই। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডকে দ্বিতীয় টেস্টেও পাত্তা দেয়নি ইংল্যান্ড। রবিবার (৮ ডিসেম্বর) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তৃতীয় দিনে হয়েছে অনেকটা আনুষ্ঠানিকতা। নিউজিল্যান্ডকে ৩২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে এক ম্যাচ বাকি থাকতেই। ২০০৮ সালের পর প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল ইংলিশরা।

৫ উইকেটে ৩৭৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। এদিন মাত্র ৬.২ ওভার ব্যাট করে ইংলিশরা। ১৩০ বলে ১০৬ রান করে জো রুট আউট হলে ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করেন বেন স্টোকস। টেস্ট ক্যারিয়ারে এটি রুটের ৩৬তম সেঞ্চুরি। ৪২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন স্টোকস নিজে।

এতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৮৩ রানের। জবাব দিতে নেমে টম ব্লান্ডেলের ১১৫ রানের ইনিংসের পরও নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ২৫৯ রানে।

বড় লক্ষ্য তাড়ায় ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ক্রিস ওকস ও ব্রাইডন কার্সের তোপে দলের জন্য অবদান রাখতে পারেননি তিন টপঅর্ডার ডেভন কনওয়ে (৫ বলে ০), কেন উইলিয়ামসন (১৬ বলে ৪) ও রাচিন রাবিন্দ্রা (১৬ বলে ৬)।

এরপর প্রতিরোধ গড়ে তোলেন উইকেটকিপার ব্যাটার ব্লান্ডেল। ইংলিশ স্পিনার শোয়েব বশিরের বলে বেন ডাকেটের হাতে ক্যাচ হওয়ার আগে ১৩ চার ৫ ছক্কায় ১০২ বলে ১১৫ রান করেন তিনি। তাতে অবশ্য তেমন লাভ হয়নি। কেবল হারের ব্যবধানটাই কমাতে পারে নিউজিল্যান্ড।

ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৫১ বলে ৪২ রান করেন নাথান স্মিথ। ৭০ বলে ৩২ রান করেন ড্যারিল মিচেল। অধিনায়ক টম লাথাম করেন ৩৫ বলে ২৪ রান। বাকিদের কেউ ২০ রানের ঘরে যেতে পারেননি। এতে মাত্র ৫৪.২ ওভারেই শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস।

ইংল্যান্ড: ২৮০ ও ৪২৭/৬ (জো রুট ১০৬, জ্যাকব বেথেল ৯৬, ডাকেট ৯২, ব্রুক ৫৫; টিম সাউদি ২/৭২)।

নিউজিল্যান্ড: ১২৫ ও ২৫৯ (টম ব্লান্ডেল ১১৫, নাথান স্মিথ ৪২, ড্যারিল মিচেল ৩২; বেন স্টোকস ৩/৫, ক্রিস ওকস ২/২০)।

ফল: ইংল্যান্ড ৩২৩ রানে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights