আদালত চত্বরে সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ওপর ডিম নিক্ষেপ

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ সদস্যরা দ্রুত তাকে প্রিজন ভ্যানে উঠালে বিক্ষুব্ধ জনতা প্রিজন ভ্যানে লাথি ও ঢিল ছুড়তে থাকেন।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য আসাদুর রহমানকে গাজীপুর আদালতে আনা হয়। পরে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সেখান থেকে বের হওয়ার পথে গারদখানার সামনে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, কিরণকে (আসাদুর রহমান) পৃথক মামলায় গ্রেফতার দেখাতে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫–এ নিয়ে যাওয়া হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় কিছু লোকজন তার ওপর হামলার চেষ্টা করেন। তবে দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসাদুর রহমানকে আদালতপাড়ার গারদখানার সামনে প্রিজন ভ্যানের দিকে নিয়ে আসছিলেন পুলিশ সদস্যরা। এমন সময় আশপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিয়ে তার ওপর ডিম নিক্ষেপ করেন। এ সময় আরও কিছু লোক এসে ঢিল ছোড়েন ও তাকে উদ্দেশ্য করে ঝাড়ু দিয়ে আঘাত করেন। পরে পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।

এদিকে আসাদুর রহমানের ফাঁসির দাবিতে বিএনপির নেতা-কর্মীরা সকালে আদালত চত্বরের কাছে বিক্ষোভ মিছিল করে। এ সময় গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, ‘কিরণ আওয়ামী লীগের দোসর। তাঁর কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার (এম এ মান্নান) মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি, দোসর কিরণের ফাঁসি চাই।’

উল্লেখ্য, আসাদুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ১৮ নভেম্বর রাতে যশোরের শার্শা সীমান্ত থেকে আসাদুর রহমানকে গ্রেফতার করে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights