মাদারীপুরে তিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
মাদারীপুর প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বাড্ডা, গুলশান ও বগুড়ায় সংগঠিত তিনটি হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মাদবরকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে শিবচর উপজেলার কুতুবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদে কাজ করছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিক মাদবর। এসময় মাদারীপুর জেলা ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার গুলশান, বাড্ডা ও বগুড়ার শিবগঞ্জ থানায় সংগঠিত তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আতিক মাদবর এজাহারভুক্ত আসামি। এ ছাড়াও শিবচর থানায় গত ১৭ অক্টোবর দায়ের করা একটি মারামারির মামলায় আতিকুরকে প্রধান আসামি করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা আতিক মাদবরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাকে ডিবি পুলিশ কুতুবপুর থেকে গ্রেফতার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শওকত জাহান বলেন, এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আতিকের বিরুদ্ধে তিনটি হত্যা, মারামারিসহ কয়েকটি মামলা হয়েছে। তাকে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
