রাজবাড়ীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভারতবিরোধী মিছিল
রাজবাড়ী প্রতিনিধি
ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলাসহ বাংলাদেশের পতাকা পোড়ানোর প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি রাজবাড়ী রেলস্টেশন থেকে শুরু হয়ে পান্না চত্বর হয়ে শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক অশোক সরকার।
সমাবেশে সংগঠনের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিতাই রায়, রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব শান্ত কুমার সিংহ ও অমিত প্রমাণিক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভালো আছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে। গোপালগঞ্জে সংখ্যালঘুদের জমি দখল হয়েছে। ভারত শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে পৃষ্ঠপোষকতা করতেই বাংলাদেশের সাথে এমন কর্মকাণ্ড করছে।
এগুলো বন্ধ করে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের দাবি জানান বক্তারা।
