ঘাটাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ আটজন আহত হয়েছে। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

সোমবার বিকেলে ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, গত মাসের ২৮ তারিখ ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ওইদিন কমিটির সভাপতি ও ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু কমিটি ঘোষণা করেন। তবে কমিটিতে জামায়াত-বিএনপির লোকজন রাখা হয়েছে দাবি করে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের অনুসারীরা কমিটি প্রত্যাখ্যান করেন। পরে রবিবার কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করে মহাসড়ক অবরোধ করে।
এরই জের ধরে সোমবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু ঘাটাইল বাসস্ট্যান্ডে সমাবেশ করতে চাইলে একই জায়গায় সংসদ সদস্যের সমর্থকরা সমাবেশ আহ্বান করে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ছয়জন ও দুজন সাংবাদিক আহত হয়।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ করতে চায়। এসময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনা হয়েছে। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights