জয়পুরহাটে ৫টি স্বর্ণের বারসহ যুবক আটক
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ৫৮৩.১০ গ্রাম ওজনের পাঁচটি সোনার এক যুবককে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।
মঙ্গলবার সকালে উপজেলার বাগজানা এলাকা থেকে বারসহ বাবু ওরফে বাবুল নামে ওই যুবককে আটক করা হয়।
আটক বাবু মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজেলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
জয়পুরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরের হিলিগামী একটি যাত্রীবাহী বাসে স্বর্ণের বার পাচার হচ্ছে— এমন গোপন সংবাদ আসে তাদের কাছে। এমন সংবাদের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা বাগজানা এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি করেন।
এ সময় বাবু নামে ওই যাত্রীর শরীর তল্লাশি করে অভিনব কায়দায় তার পায়ের জুতার ভেতর লুকিয়ে রাখা পাঁচ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
