ডর্টমুন্ডের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

অনলাইন ডেস্ক
হার দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরুর পর টানা পাঁচ ম্যাচেই জয় তুলে নিয়েছে বার্সেলোনা। সর্বশেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠেও শেষ হাসি হেসেছে কাতালানরা। ম্যাচে জোড়া গোল পেয়েছেন বার্সার ফেরান তোরেস ও ডর্টমুন্ডের শেহরু গুইরাসি।

বুধবার সিগন্যাল ইদুনা পার্কে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে বার্সা।

ম্যাচের ১৪তম মিনিটে প্রথম বড় সুযোগ পায় বার্সেলোনা। ডানদিক থেকে বক্সে রাফিনিয়াকে দারুণ এক পাস দেন লামিনে ইয়ামাল। কিন্তু ওয়ান-অন-ওয়ানে শটটি লক্ষ্যে রাখতে পারেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর একইভাবে সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিক ডর্টমুন্ডও। বক্সের বাইরে থেকে উড়িয়ে বল মারেন অস্ট্রিয়ান মিডফিল্ডার মার্সেল সাবিৎজার।

এরপর শট নিয়ে ডর্টমুন্ড গোলরক্ষকের সামনে পরাস্ত হয়েছেন ইয়ামাল। বিরতির আগে সমান একটি করে সুযোগ তৈরি করে জালে জড়াতে ব্যর্থ হয় দুই দলই।

বিরতি থেকে ফিরে ৫২তম মিনিটে বার্সেলোনাকে কাঙ্ক্ষিত গোল এনে দেন রাফিনিয়া। দানি ওলমোর থ্রু বল ধরে বক্সে ঢুকে চমৎকার শটে বল জালে জড়ান তিনি, যা চলতি মৌসুমে তার সবমিলিয়ে ১৭তম গোল। চলমান চ্যাম্পিয়ন্স লিগের ৬ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল, এই মুহূর্তে রাফিনিয়ার সামনে আছেন কেবল ক্লাব সতীর্থ রবার্ট লেয়ানন্ডস্কি (৭)।

ম্যাচে লিড নেওয়ার স্বস্তি বেশিক্ষণ টেকেনি বার্সার। কারণ ডর্টমুন্ডের গুইরাসিকে বক্সে ধাক্কা দিয়ে ফেলে তাদের পেনাল্টি এনে দেন ডিফেন্ডার পাউ ‍কুবারসি। সফল স্পট কিকে অস্ট্রিয়ান তারকা ডর্টমুন্ডকে সমতায় ফেরান। এরপর বার্সাকে ফের লিড এনে দেন বদলি নামা স্প্যানিশ ফরোয়ার্ড তোরেস। ৭৫তম মিনিটে তার গোলের তিন মিনিট বাদেই ফের গুইরাসির গোলে ম্যাচে ফেরে ডর্টমুন্ড।

ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচের নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে আবারও তোরেসের গোল। ১০ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল করে বার্সার জয় নিশ্চিত করেন এই ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে বার্সেলোনা। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৫, শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights