রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইফতি হক সৌরভ (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি।
শনিবার বিকালে রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সৌরভ রাজবাড়ী শহরের বড় পুল এলাকায় এনামুল হকের ছেলে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, শুক্রবার রাতে শহরের বড়পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতে প্রেরণ করলে আদালত সৌরভের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
জানা গেছে, গত ১৮ জুলাই বিকাল ৩টায় কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র, শিক্ষক ও অভিভাবকেরা শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। বিকাল পৌনে ৪টার দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ৩০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় ইফতি হক সৌরভ ২১ নম্বর আসামি।
