নড়াইল জেলা আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিটুল কুন্ডু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো: সাইফুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুর রহমানসহ ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ১৮ নেতাকর্মী আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাদিউজ্জামান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

নড়াইল জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: হাফিজুর রহমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এপিপি হাফিজুর আরও জানান, গত ১৯ নভেম্বর আসামিরা উচ্চ আদালতে ( হাইকোর্টে ) জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করে দরখাস্তকারী আসামীদের ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ প্রদান করেন। গত ৪ আগস্ট নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে গুলি,বোমা বর্ষণ ও খুন করার উদ্দেশ্যে সমাবেশে আগতদের মারপিটের ঘটনায় সদর থানায় দায়েরকৃত জিয়ার ১১৬/২৪ (নড়াইল) মামলার আসামি ছিলেন তারা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে সদর উপজেলার সীমাখালী-মালিবাগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে আগতদের খুন-জখম করার উদ্দেশ্যে বোমাবর্ষণ ও গুলি চালায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ঘটনা উল্লেখ করে ৯০ জনকে এজাহারভূক্ত এবং ৪০০-৫০০জনকে অজ্ঞাত আসামি করে গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights