ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ মাতুব্বর (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা সদরের নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের মধ্য বালিয়া গ্রামের বিলায়েত মাতুব্বরের ছেলে। সে নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, খালিদ ও তার বন্ধু ফেরদৌস নগরকান্দা বাজার থেকে মোটরসাইকেলে কনে মুকসুদপুরে যাচ্ছিলেন। পথে নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খালিদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় ফেরদৌসকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী বলেন, নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
