নেতৃত্বে আসছেন সাবেক ছাত্রদলের নেতারা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শিগগিরই ঘোষণা করা হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি। যাতে চমক হিসেবে নেতৃত্বে আসছেন সাবেক ছাত্রদলের নেতারাই। এরই মধ্যেই আহ্বায়ক কমিটির রূপরেখাও এক প্রকার চূড়ান্ত হয়েছে। দলের হাই কমান্ডের সবুজসংকেত পেলেই যে কোনো সময় ঘোষণা হতে পারে আহ্বায়ক কমিটি।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুসরণ করে আশা করছি দ্রুত সময়ের মধ্যেই দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।’ তিনি বলেন, ‘কমিটিতে স্থান দেওয়ার জন্য বিগত সময়ে দলের ত্যাগী কর্মীদের গুরুত্ব দেওয়া হবে। ত্যাগীদেরই কমিটিতে মূল্যায়ন করা হবে।’ জানা যায়, আগামী কয়েক দিনের মধ্যেই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্র। এরই মধ্যে কমিটির রূপরেখা প্রায় চূড়ান্ত হয়েছে। যাতে আধিক্য থাকছে ছাত্রদলের সাবেক নেতাদের। পাঁচ সদস্যের ওই আহ্বায়ক কমিটির দৌড়ে এগিয়ে রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট নাজিম উদ্দিন, লায়ন মো. হেলাল উদ্দিন, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস এবং আজিজুল হক চেয়ারম্যান। এ ছাড়া আহ্বায়ক পদে আলোচনায় আছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার জামাল নিজাম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন। সদস্যসচিব পদে আলোচনায় রয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু, সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম হোছাইনী প্রমুখ।, সাবেক যুগ্ম সম্পাদক আসহাব উদ্দিন চৌধুরী, বিলুপ্ত কমিটির সদস্য মজিবুর রহমান, খোরশেদ আলম এর আগে ২০১৯ সালের ২ অক্টোবর আবু সুফিয়ানকে আহ্বায়ক করে দক্ষিণ জেলা বিএনপির ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কিন্তু ‘এস আলম’-এর গাড়িকান্ডে জড়িত থাকার অভিযোগে গত ২০২৪ সালের ১ সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এ সময় প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয় আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এবং সদস্য মামুন মিয়ার।
