জমি নিয়ে বিরোধ, গলায় গামছা দিয়ে টানাহেঁচড়ার পর এক ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কিলঘুষি, ধাক্কাধাক্কি ও গলায় গামছা দিয়ে টানাহেঁচড়ার পর রাহাজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। তিনি উপজেলার শিংগা গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় একই গ্রামের স্বপন আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা মামলার আবেদন করেছেন নিহতের ছেলে পলাশ হোসেন।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির সাথে এক শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে স্বপন ও তার পরিবারের সাথে। এ নিয়ে ওই গ্রামের বাজারে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় স্বপন তাকে কিলঘুষি মারতে থাকেন। পরে মাটিতে লুটিয়ে পড়েন রাহাজ উদ্দিন। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

ওই গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম রহমান জানান, সকালে বাজারে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়েছে। শুনেছি স্বপন তার গলায় গামছা দিয়ে টেনেহেঁচড়ে নিয়ে বেড়াচ্ছিল। পরে মাটি লুটিতে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

নিহতের ছেলে পলাশ বলেন, সকালে আমার বাবাকে মারধর করেছে স্বপন। তাকে গলায় গামছা পেঁচিয়ে টানাহেঁচড়া করেছে। ফলে ঘটনাস্থলেই আমার বাবা মারা গেছেন। তাকে হত্যা করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights