খাবারের উচ্ছিষ্ট বিক্রি নিয়ে বিরোধে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন টিজি কলোনির ময়লার ডিপো এলাকায় ছুরিকাঘাতে জসিম উদ্দিন নামের এক যুবককে হত্যা করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।

পুলিশ জানায়, জসিম উদ্দিন আবর্জনার ভাগাড় থেকে ভাত, রুটিসহ খাবারের বিভিন্ন প্রকারের উচ্ছিষ্ট সংগ্রহ করতেন। পরে এই খাবার বিক্রি করতেন বিভিন্ন মাছের খামারে। উচ্ছিষ্ট খাবার সংগ্রহ ও বিক্রির এই ব্যবসা নিয়ে বিরোধ থেকে তাকে খুন করা হয়।

জসিম উদ্দিনের চাচা বশির উদ্দীন বলেন, খাবারের উচ্ছিষ্ট কুড়িয়ে বিক্রি নিয়ে তাঁর ভাতিজার সঙ্গে কয়েকজনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে গত মঙ্গলবার রাতে বাসার সামনে তাঁকে ছুরিকাঘাত করা হয়। বুধবার ভোরে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সুলতান মোহাম্মদ আহসান উদ্দিন বলেন, মাছের খামারে খাবারের উচ্ছিষ্ট বিক্রির বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ইতিমধ্যে জড়িত কয়েকজনকে পুলিশ নজরদারিতে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights