কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে পূর্ব বিরোধের জের ধরে কেিশার গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা হলেন, নাচোল উপজেলার খোলসি গ্রামের এজাবুল হকের ছেলে ও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিউটের ছাত্রলীগ সহসভাপতি মাসুদ রানা (২০) এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে ৫ম শ্রেণির ছাত্র রায়হান (১৩)। এঘটনায় আহতরা হলো, একই এলাকার আরমান (২১), রজব আলী (২১), ইমন (১৫) ও সুমন আলী (১৯)। আহত চারজনকে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুর হাটে। এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আজিজুল ও তাসিম নামে দু’জনকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি মো. মনিরুল ইসলাম।
এদিকে নিহত রায়হানের বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার পঞ্চম শ্রেণিতে পরীক্ষা দিয়েছে রায়হান। বাড়ির পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ায় দেখতে গিয়ে কোন কারণ ছাড়াই খুন হতে হল রায়হানকে। তিনি এমন নৃশংস হত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। অন্যদিকে আহত আরমান আলী বলেন, আমি ট্রাকের একজন সহকারি। অনুষ্ঠান চলাকালে হঠাৎ করেই হামলার ঘটনা ঘটে। কারা কি কারণে হামলা চালালো তা নিশ্চিত হতে পারিনি।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফাহাদ আকিদ রেহমান বলেন, নিহত ও আহতদের শরীরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আহত চারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে জেলা পুলিশ অফিসে আয়োজিত প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম মোঃ সাহিদ বলেন, মল্লিকপুর গরুর হাটে স্থানীয় জিয়া পরিষদ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এসময় হঠাৎ করে কেিশার গ্যাংয়ের দু’পক্ষ একে অপরের উপর ছুরি নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মাসুদ ও রায়হান মারা যায়। তিনি আরও বলেন, ওই এলাকার একটি পেয়ারা বাগাানে পলি বাঁধার সময় এক ব্যক্তির প্রসাব করার ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে খোলসি ও বাহির মল্লিকপুর গ্রামের কিশোর গ্যাংয়ের সালাম ও শাহীন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দু’পক্ষ একে অপরের উপর হামলা চালায় এবং হতাহতের ঘটনা ঘটে। প্রেসব্রিফিংয়ে জানানো হয়, এ ঘটনায় আজিজুল ও তাসিম নামে দু’জনকে গ্রেফতান করা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
