বগুড়ার আওয়ামী লীগ নেতা শফিক ঢাকায় সস্ত্রীক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,বগুড়া
জুলাই গণহত্যার ১২ মামলার এজাহারনামীয় আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান (শফিক) ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু সুফিয়ান সফিকের স্ত্রী লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক এবং তার স্ত্রী লিপি আক্তারকে রাত ৮টার দিকে ডিএমপির ডিবি তেজগাঁও টিম বগুড়া জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, আবু সুফিয়ান সফিকের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় জুলাই-আগস্টের একাধিক গণহত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া তার স্ত্রী লিপি আক্তার বগুড়া সদর থানার বিস্ফোরক আইন মামলার এজাহার নামীয় আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights