মিক্সচার মেশিন পরিষ্কারের সময় হঠাৎ চালু, প্রাণ গেলো দুই শ্রমিকের

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় ইট ব্লক (হলো ব্লক) তৈরির মিক্সচার মেশিন পরিষ্কার করার সময় হঠাৎ চালু হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তরছপাড়ায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘুনিয়া এলাকার মো. শাহজাহানের ছেলে মো. শাহিন (১৮) ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনার রুহুল কাদেরের ছেলে কামরানুল ইসলাম জিহান (২০)।

জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে মিক্সচার মেশিনটি বন্ধ করে শাহিন ও কামরান পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ করে মেশিনটি অটো চালু হয়ে যায়। এতে মেশিনের ভেতরে থাকা শাহিন ও কামরান পাখার সঙ্গে জড়িয়ে ক্ষতবিক্ষত হন। অপর শ্রমিকরা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে জানতে ওই ব্লক ফ্যাক্টরির মালিক মো. গিয়াস উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, ঘটনার বিষয়টি জানার পর হাসপাতালে একটি টিম পাঠিয়েছি। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights