বিসিসি’র ৩০ ওয়ার্ডের দায়িত্বে ১৮ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনে নতুন করে বিভিন্ন দফতরের ১৮ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুধবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ বিসিসিতে পৌঁছেছে। এর আগে নগরীর ৩০টি ওয়ার্ডে কাউন্সিলরের দায়িত্বে ছিলেন সিটি করপোরেশনের ২৬ কর্মকর্তা।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অফিস আদেশ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখ-১ এর প্রজ্ঞাপন অনুযায়ী পরবর্তি কোনো আদেশ না দেয়া পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনের জন্য ১৮ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে গত ৩ অক্টোবর বরিশাল সিটি করপোরেশনের প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের দেয়া ওয়ার্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা হলেন-বরিশাল মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মো. শামীম হোসেনকে ১২ নম্বর ওয়ার্ডে, বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গৌতম বাড়ৈকে ৯ ও ১০, বিটিসিএলের মহা ব্যবস্থাপককে ১১ ও ১৬, গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ৭ ও ৮, সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ১৩ ও ২৩, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ১৪, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ৩ ও ৪, বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ২৪ ও ২৫, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে ১৫ ও ১৭, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. হেলালউদ্দিন খানকে ২৮ ও ২৯, পরিবেশ অধিদফতরের সিনিয়র ক্যামিষ্ট মো. গোলাম কিবরিয়াকে ১ ও ২, বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিবকে ২৬ ও ১৮, বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাককে ২৭ ও ৩০, প্রাথমিক শিক্ষার উপ-পরিচালককে ৫ ও ৬, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব বলেন, চিঠি পেয়েছি। দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights