উচ্চ নিবন্ধন ব্যয়, চড়া সুদে আবাসন খাত স্থবির

অনলাইন ডেস্ক
শুরু হচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার ২০২৪। ঢাকার আগারগাঁওয়ে বিআইসিসি-তে এই মেলা শুরু হবে আগামী সোমবার। চলবে শুক্রবার পর্যন্ত। এবারের মেলায় মোট ২২০টি স্টল থাকছে। এ বছর, ৭টি গোল্ড স্পন্সর, ১৮টি কো-স্পন্সর, ১৮ টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১০ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে রিহ্যাব।

মেলা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন রিহ্যাব এর প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান।

তিনি বলেন, ‘উচ্চ নিবন্ধন ব্যয় ও সুদের হার বৃদ্ধি এবং নতুন ড্যাপের কারণে দেশে আবাসন খাতে বিনিয়োগ স্থবিরতা চলছে। এর ফলে বাড়ছে না কর্মসংস্থান। বর্তমানে অসংখ্য মানুষ বেকার। নতুন প্রকল্প গ্রহণ করতে সমস্যা হওয়াতে তলানিতে এসে ঠেকেছে ফ্ল্যাট তৈরি। এই মুহূর্তে আবাসন খাতের কয়েকটা সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা নতুন বৈষম্যমূলক ড্যাপ।’

রিহ্যাব সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

রিহ্যাব মেলা সাধ ও সাধ্যের মধ্যে মনের মত ফ্ল্যাট বা প্ল্যাট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবে বলেও অভিমত দেন রিহ্যাব নেতৃবৃন্দ। রিহ্যাব ফেয়ার ২০২৪ এর উদ্বোধনী অধিবেশন-এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অন্তর্বতীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্ট এ. এফ. হাসান আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজউক এর চেয়ারম্যান মেজর জেনারেল ড. মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.)। শুরুর দিন বিকেল ৩টায় বিআইসিসির হল অব ফেম-এ মেলার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা উদ্বোধনীর পর থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন।

প্রতি বছরের মতো এ বছরের মেলাতেও দুই ধরনের টিকেট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকেটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকেট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকেট থেকে প্রাপ্ত পুরো অর্থ দুঃস্থদের সাহায্যে ব্যয় করা হবে। এন্ট্রি টিকেটের র‌্যাফেল ড্র-তে থাকছে আকর্ষণীয় পুরস্কার। এ বছর মেলার শেষে প্রতিদিন রাত ৯টায় রাফেল ড্র অনুষ্ঠিত হবে। রাফেল ড্র তে ৫ দিনে থাকবে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights