ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাই আতঙ্ক !
টঙ্গী প্রতিনিধি
মহাসড়কে ছিনতাই আতঙ্ক ! ঢাকা ময়মনসিংহ মহাসড়ক টঙ্গীর ১০টি স্পটে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ছিনতাইয়ের কবলে পড়ে কেউ সর্বস্ব হারাচ্ছে, আবার কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য তৎপরতা না থাকায় একের পর এক ঘটছে ছিনতাইয়ের ঘটনা। পুলিশি কার্যক্রম নিষ্ক্রিয় থাকার অভিযোগ ভুক্তভোগীদের।
সরেজমিন ঘুরে জানা যায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক টঙ্গীর ১০টি স্পটে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ওইসব এলাকায় প্রতিটি রাতই নামছে তাই আতঙ্ক নিয়ে। সন্ধ্যা ঘনিয়ে আসলে মহাসড়কের বিভিন্ন স্পটে অবস্থান নেয় ছিনতাইকারীরা। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে পথচারী ও যাত্রীদের পথরোধ করে কেড়ে নিচ্ছে সর্বস্ব।
উল্লেখযোগ্য ১০টি স্পটের মধ্যে আব্দুল্লাহপুর ব্রিজ, টঙ্গী স্টেশনরোড, কামাড়পাড়া রোড, চেরাগআলী, সফিউদ্দিন রোড, বনমালা রোড, গাজীপুরা, এরশাদ নগর বাশপট্টি, উড়াল সেতুর উপরে স্টেশনরোড টিএসসি, টঙ্গী বাজার, কলেজগেট এলাকায় প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
গত রবিবার ভোরবেলা একদল ছিনতাইকারী টঙ্গী সফিউদ্দিন রোডের মাথায় অটো রিক্সার গতিরোধ করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে ছিনতাইকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে সর্বস্বি লুটে নেয়। অপরদিকে বিআরটি প্রকল্পের উড়াল সেতুর উপর টঙ্গী স্টেশনরোড এলাকায় এক নারী যাত্রীকে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ও কানের ধুল কেড়ে নেয়। এছাড়া টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, আগের তুলনায় অনেক ছিনতাই বাড়ছে। পুলিশ কঠোর অবস্থানে না থাকলে এর ভয়াবহতা আরো বেড়ে যাবে। অবশ্য টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনা আগের থেকে অনেক কমে গেছে।
