৫৩ বছর যারা দেশ শাসন করেছে তারা বৈষম্য দূর করতে পারেনি: ফয়জুল করিম

দিনাজপুর প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে কোনো দেশে দল কিংবা নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। বার বার পরিবর্তন হয়েছে। ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন একটি রাষ্ট্র করতে পারি, তাহলে আমরা মুক্তি পাবো, শান্তি পাবো। কিন্তু কি দেখলাম, ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত এই ৫৩ বছর যারা দেশ শাসন করেছে তারা বৈষম্য দূর করতে পারেনি, মানুষকে শান্তি দিতে পারেনি, মানুষকে মুক্তি দিতে পারেনি।

শনিবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন ফুলবাড়ী শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আবারও আমরা ৫ আগষ্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলাম। ছাত্রজনতা ঐক্য হয়ে মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য বৈষম্য দূর করার জন্য আন্দোলন সংগ্রামে রক্ত জীবন বিসর্জন দিয়ে ফ্যাসিষ্ট সরকারকে হটিয়েছিলাম। জীবনের মায়া ত্যাগ করে বৈষম্য দূর করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ঝাপিয়ে পড়েছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, ৫ আগষ্টের পরে আবারও সেই বৈষম্য আবারও জুলুম, অত্যাচার, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজী, হত্যা, ধর্ষণ। এরজন্য আমরা আন্দোলন করিনি, এর জন্য রক্ত দেইনি, এর জন্য এতগুলো মানুষ শহিদ হয়নি। শুধু হাতের পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। হাজারও শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, রংপুর মহানগর শাখার সেক্রেটারি মো. আমিরুল ইসলাম পিয়াল, দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি ডা. নুর আলম সিদ্দিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights