‘ভুলে ছোড়া গুলিতে’ নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল মার্কিন বাহিনী

অনলাইন ডেস্ক

ভুলক্রমে ছোড়া নিজেদের গুলিতে লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে এই ঘটনায় বিধ্বস্ত বিমানের দুই পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, লোহিত সাগরের আকাশে দৃশ্যত ‘ফ্রেন্ডলি ফায়ারে’ আমেরিকান একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান এফ/এ-১৮ হর্নেটের উভয় পাইলটই নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।

শনিবার ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালানোর দাবি করার পরপরই লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ভুপাতিত হওয়ার ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, লোহিত সাগরের আকাশে হুথিদের একাধিক ড্রোন ও জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে লোহিত সাগরে ভুলক্রমে ছোড়া নিজেদের গুলিতে যুদ্ধবিমান ভূপাতিত করার তথ্য নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মার্কিন রণতরী ইউএসএস গেটিসবার্গ থেকে ভুলক্রমে ছোড়া গাইডেড ক্ষেপণাস্ত্র নৌবাহিনীর একটি এফ/এ-১৮ যুদ্ধবিমানে আঘাত হেনেছে। ভূপাতিত যুদ্ধবিমানটি আরেক রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের ক্রুরা পরিচালনা করছিলেন।’’

সূত্র: বিবিসি, রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights