ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

অনলাইন প্রতিবেদক
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মশাবাহী রোগটিতে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৩ জনে। এছাড়া, গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৫ জন।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে বরিশাল ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৩৫ জন)। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়া, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২৩ জন ছাড়াও খুলনা বিভাগে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২১ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে তিনজন এবং রংপুর বিভাগে ডেঙ্গু নিয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৯৪ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ২৩৫ জনের মৃত্যু হয়েছে।

গত ১ জানুয়ারি থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বরিশাল বিভাগে ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ঢাকা বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে আটজন ছাড়াও রংপুর বিভাগে তিনজন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।

চলতি বছর মশাবাহিত রোগটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৯৪ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights