ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে সারা দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে এ বছর ডেঙ্গুতে ৫৬৪ জনের মৃত্যু হলো। এদিকে, গত একদিনে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭২ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৩ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় ২৭৩ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছরে মোট ৯৮ হাজার ৮৪০ ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন।

এ বছরের ২৩ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ ৩৬৬ জন। এর মধ্যে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights