রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১১০০ সৈন্য হতাহত; দাবি সিউলের

অনলাইন ডেস্ক

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধে উত্তর কোরিয়ার এক হাজারের বেশি সৈন্য নিহত অথবা আহত হয়েছেন। সোমবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য হতাহতের এই তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের কাছে সিউলের গোয়েন্দা সংস্থা একটি প্রতিবেদন উপস্থাপন করে। এতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে ডিসেম্বরে লড়াই শুরু করার পর থেকে উত্তর কোরিয়ার কমপক্ষে ১০০ সৈন্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছিল।

সেই প্রতিবেদন প্রকাশের কয়েকদিন পর নতুন করে উত্তর কোরীয় সৈন্য হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফস অব স্টাফ।

ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য পিয়ংইয়ং হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে। এই সৈন্যদের বেশিরভাগই রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে কুরস্ক অঞ্চলে লড়াই করছে। চলতি বছরের শুরুর দিকে ওই অঞ্চলটির দখল নেয় ইউক্রেনীয় বাহিনী।

জেসিএস জানিয়েছে, ‘বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা ধারণা করছি, সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে উত্তর কোরীয় সেনাদের প্রায় এক হাজার ১০০ জন হতাহত হয়েছে।’

সিউল, ওয়াশিংটন ও কিয়েভ জানিয়েছে, বর্তমানে রাশিয়ায় প্রায় ১২ হাজার উত্তর কোরীয় সেনা রয়েছে। জেসিএস আরও উল্লেখ করেছে, পিয়ংইয়ং সেনাদের পরিবর্তন বা অতিরিক্ত মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।

পাশাপাশি পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে আত্মঘাতী ড্রোন উৎপাদন ও সরবরাহ করছে বলেও গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights