সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশনে আন্তঃনগর ট্রেন থামার দাবিতে অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশনে আন্তঃনগর ট্রেন থামার দাবিতে ছাত্র-জনতা প্রায় তিন ঘণ্টাব্যাপী দুটি আন্তঃনগর ট্রেন অবরোধ করে রাখে। এতে করে ট্রেনের সিডিউলে বিপর্যয় ঘটে। পাশাপাশি রেলযাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি যাওয়ার সময় সকাল আনুমানিক সাড়ে ১০টায় সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশনে পৌছালে ছাত্র-জনতা প্রায় আড়াই ঘণ্টা ওই ট্রেনটি অবরোধ করে রাখে। এরপর লালমনিরহাট থেকে ছেড়ে আসা ট্রেনটি বেলা দেড়টায় সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশনে পৌছালে প্রায় ৩০ মিনিট ওই ট্রেনটি ছাত্র-জনতা অবরোধ করে রাখে। এই দীর্ঘ সময় ওই দুটি ট্রেনের যাত্রীরা বিরক্ত অনুভব করেন।

এদিকে ট্রেনের যাত্রা বিরতীর দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জোড়গাছা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ সহিদুল হক টুল্লু, ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী, তানভীর আহমেদ সোহান, ইউপি সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা শিপন মিয়া মিঠু, আতিকুর রহমান আজম, মেহেদী হাসান, মাসুদ রানা, রফিক মেম্বার, সুমন মিয়া, শিবলু মিয়া, লাকি মেম্বার, এরশাদ, নয়ন রহমান, সাবিরুল ইসলাম প্রমুখ।

জানা গেছে, ১৯৭৯ সালে বগুড়া জেলার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশনটি চালু হয়। ষ্টেশনটি সংলগ্ন জেলার বৃহৎ বেসরকারী সৈয়দ আহম্মদ কলেজ। সংশ্লিষ্ট কলেজে ১৭টি বিষয়ে অনার্স ও ৮টি বিষয়ে মাষ্টার্স কোর্স চালু রয়েছে। কলেজটিতে প্রায় ৯ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। দেশের বিভিন্ন জেলা থেকে ওই কলেজে শিক্ষার্থী ও অভিভাবকরা ট্রেনযোগে আসা যাওয়া করে। এছাড়াও সংশ্লিষ্ট এলাকাটি একটি বাণিজ্যিক এলাকা। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা সৈয়দ আহম্মদ কলেজ হাটে ট্রেনযোগে মালামাল আনা নেওয়া করে। এছাড়াও ওই এলাকার শতকরা ৮৫ ভাগ মানুষ সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। তাদের উৎপাদিত কৃষিপণ্য ট্রেনযোগে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে নিয়ে যায়।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী বলেন, বিষয়টি থানা পুলিশ অবগত হওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে সবাইকে অনুরোধ করে ট্রেনটি প্রায় আড়াই ঘণ্টা পর ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক বলেন, ছাত্র জনতার ট্রেন অবরোধের বিষয়টি তিনি অবগত হওয়ার সাথে সাথে রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। অচিরেই ওই ষ্টেশনে আন্তঃনগর ট্রেন থামার ব্যবস্থা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights