সচিবালয়ে প্রবেশ বন্ধ, গেটে অপেক্ষায় কর্মকর্তা-কর্মচারীরা

অনলাইন প্রতিবেদক

বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় সকাল থেকে কাউকে প্রবেশ করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সে কারণে সচিবালয়ে গেটের সামনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা অপেক্ষা করছেন। আগুন লাগার ঘটনায় ভোর থেকেই অনেক কর্মকর্তা গেটের সামনে অবস্থান করছেন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা পর্যন্ত সচিবালয়ের সামনে কর্মকর্তাদের ভিড় করতে দেখা যায়।

এর আগে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সাত নম্বর ভবনে গভীর রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে ছয় ঘণ্টা পর। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

সকাল পৌনে ৭টার দিকে সচিবালয়ের সামনে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, রাত ১টা ৫২ মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। ১টা ৫৪ মিনিটের মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায়। এ পর্যন্ত এখানে ১৯টি ইউনিট নিয়োজিত করা হয়েছে।

তবে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো প্রবেশ করতে না পারায় কাজে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি।

জাহেদ কামাল বলেন, সামনের গেইট ভেঙে দুটো গাড়ি প্রবেশ করিয়েছি। ৬, ৭, ৮, ৯ এই চারটি তলায় আগুন ধরেছে।

রাতে আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো সচিবালয় এলাকা। সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরাও পরে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যোগ দেন।

অগ্নিনির্বাপণের কাজে পানির লাইন দিতে গিয়ে সচিবালয়ের সামনের রাস্তায় ট্রাক চাপায় আহন হন মো. সোহানুর জামান নয়ন নামের একজন ফায়ার ফাইটার। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় বলে ফায়ার সার্ভিসের ডিজি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights