কুষ্টিয়ায় বাসা থেকে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় ভাড়া বাসা থেকে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। ওই পুলিশ সদস্যের নাম রুবিনা খাতুন (২৮)। তিনি কুষ্টিয়া আদালতে জিআরও অফিসে কর্মরত ছিলেন।
গতকাল বুধবার সন্ধ্যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।
নিহত রুবিনা খাতুন মেহেরপুর জেলার মুজিবনগর থানার রামনগর গ্রামের আব্দুল শেখের মেয়ে। একই থানার রতনপুর গ্রামের ফজলু শেখের ছেলে আলাল শেখ (৩০) তার স্বামী বলে জানা গেছে।
পুলিশ জানায়, শহরের কমলাপুর এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন পুলিশ সদস্য রুবিনা। ছেলে-মেয়েরা নানা বাড়িতে বেড়াতে যাওয়ায় বুধবার ছুটির দিনে স্বামী-স্ত্রী দুইজনেই বাড়িতে ছিলেন। সারাদিন সহকর্মীরা রুবিনাকে মুঠােফোনে কল দিয়ে না পেয়ে পাশের ফ্লাটের পরিচিত এক প্রতিবেশীকে ব্যাপারটি জানান। এরপর ওই প্রতিবেশীর স্ত্রী এসে রুবিনার স্বামীকে জানান সহকর্মীদের কল ধরছে না রুবিনা। তখন রুবিনার স্বামী আলাল জানান, শারীরিকভাবে অসুস্থ থাকায় সকাল থেকে সে রাগ করে ঘরের দরজা বন্ধ করে আছে। সন্ধ্যায় এ ঘটনা জানার পর সহকর্মীরা এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রুবিনাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর নিশ্চিত বলা যাবে। সবকিছু মাথায় রেখে তদন্ত চলছে।
