শাবিপ্রবির দুই ছাত্রলীগ কর্মীকে হল থেকে বহিষ্কার, নিষিদ্ধ ১

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগকর্মীকে শাহপরান আবাসিক হল থেকে বহিষ্কার ও এক ছাত্রলীগ কর্মীকে হলে প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ফজলুর রহমান। তিনি বলেন, শাহপরান আবাসিক হল থেকে এক বৈধ শিক্ষার্থীকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুই শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলো, নৃবিজ্ঞান বিভাগের সাদ্দাম হোসেন পিয়াস ও সমাজকর্ম বিভাগের আশিকুর রহমান। এছাড়া হলের বৈধ ছাত্র না হয়েও হলে অবস্থান করায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইফতেখার আহম্মেদ রানাকে শাহপরান হলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

এ ঘটনায় অধিক তদন্তের জন্য বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ জেড এম মঞ্জুর রশিদকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন একই বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান ভূঁইয়া, আইআইসিটির সহকারী অধ্যাপক আহসান হাবীব।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি শাহপরান হলের আবাসিক ছাত্র ও ছাত্রলীগ কর্মী মো. দেলোয়ার হোসেনকে গ্রুপভিত্তিক ছাত্ররাজনীতির জেরে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে একাধিক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় হল প্রভোস্ট বরাবর একটি অভিযোগপত্র জমা দেন ভুক্তভোগী শিক্ষার্থী। পরে ঘটনাটি তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রিপোর্ট জমা দেয় হল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights