কালীগঞ্জে আখবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখবোঝাই ট্রলির ধাক্কায় রানা হোসেন (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে বালিয়াডাঙ্গা-শিশুতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা হোসেন কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মুনসুর আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার বিকালে ব্যক্তিগত কাজে রানা হোসেন মোটরসাইকেলে বালিয়াডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে ছেড়ে আসা আখবোঝাই ট্রলি চলন্ত অবস্থায় তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ট্রলিতে থাকা আখে লেগে রাস্তার ওপর পড়ে যান। এরপর ট্রলির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ তথ্য নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
