কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামি গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার বিকেলে সদর উপজেলার বৌলাই ছয়না এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. সুলতান মিয়া (৩৮)। তিনি বৌলাই ছয়না গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ৪ আগস্ট কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে দুষ্কৃতকারীরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও রক্তাক্ত জখম হন। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সুলতান মিয়া এ মামলার আসামি।
র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম জানান, গ্রেফতার আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
