সচিবালয়ের অস্থায়ী প্রবেশ পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও

সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ ব্যতীত বেসরকারি ব্যক্তিদের জন্য সচিবালয়ের সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হয়েছে। পাশাপাশি অ্যাক্রেডিটেশন কার্ডের মাধ্যমে সচিবালয়ে প্রবেশাধিকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।

শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সচিবালয়ে আগুনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে হয়েছে, সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিবর্গের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো। সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা বাতিল করা হলো।

এতে আরও বলা হয়, বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশধারীরা আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ, ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights